সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় আধুনিক ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নতুন কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ১৫ আগস্ট কাজিপুর পৌরসভা সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১( কাজিপুর) সাংসদ সেলিম রেজা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার, পৌর সভার সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, ড্যাব ও বিএনপি নেতা ডাক্তার আতিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তুষার তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাবলু,যুবদল নেতা আল আমিন, পৌরসভার সচিব লুৎফর রহমান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন সহ কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কনফারেন্সিং সিস্টেম চালুর ফলে পৌরসভার বিভিন্ন সভা, প্রশিক্ষণ, সরকারি নির্দেশনা ও গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত ও সহজে পরিচালনা করা সম্ভব হবে। এতে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সেবার মান আরও উন্নত হবে।
পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও আধুনিক পৌরসেবা পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে। এছাড়াও অতিথি বৃন্দ পৌর এলাকার ১৫০ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।