নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। দেশের উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।




