কক্সবাজার বিমানবন্দর থেকে মুহিব উল্লাহ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

 কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি খাইরুল আমিন ওরফে বলি আমিন (৪৫) এবং মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজানকে (৪১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। তাঁদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে এসআরবি-১৫-এর সদর কোম্পানির পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার খাইরুল আমিন ওরফে বলি আমিন মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের (ক্যাম্প-১ ইস্ট, ব্লক-ডি/৪) বাসিন্দা। তাঁর বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, অস্ত্র, মাদক, মানব পাচার ও পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। এ ছাড়া মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তার নুর মোহাম্মদ মিজান কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পূর্বপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। প্রায় পাঁচ বছর আগে তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা আলামতসহ দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন এবং বিভিন্ন মামলায় পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top