চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর শাখা নদী মরা পাগলা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার ৯ এপ্রিল বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাবুপুর মিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, গরুর রাখালেরা নদীর তীরে গরু চড়াতে গিয়ে একটি লাশ পানিতে ভাসছে দেখতে পেলে তারা আশপাশের লোকজনকে ডেকে দেখায়। স্থানীয় গণ্যমান্য লোকজন এসে পুলিশকে খবর দেয়। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর এই শাখাটি এখন মরা নদী নামে পরিচিত। পদ্মা নদীর সাথে বর্তমানে সরাসরি যোগাযোগ নেই। ফলে এই মরদেহটি মূল পদ্মা থেকে ভেসে আসার কোন সুযোগ নেই। আবদ্ধ মরদেহটি পাওয়ায় প্রতীয়মান হয় যে এই অজ্ঞাত ব্যক্তিকে কেউ হত্যা করে ফেলে যেতে পারে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, রাত আটটা পর্যন্ত কেউ এ লাশটি কে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে যে দুই তিন দিন পূর্বে এর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।