কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিদ্যুৎ চুরি বা যন্ত্রাংশ খোলার সময় বৈদ্যুতিক শকে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাবস্টেশনের স্টাফরা কাজ করতে এসে সাবস্টেশনের ভেতরে একটি পুড়ে যাওয়া লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা দৌলতপুর থানায় জানান।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশটি পুরুষ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে বিদ্যুৎ চুরি বা কিছু যন্ত্রাংশ চুরি করতে এসেছিল এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাবস্টেশনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, সাবস্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং এ ধরনের ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত চলছে: পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া, ঘটনাস্থলে কোনো নাশকতার চিহ্ন আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।