কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় গণধর্ষণের পর এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহতের ভাই মেহেদি হাসান এ ঘটনার বিবরণ দিয়ে বিচার চেয়ে একটি আবেগঘন পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, “আমার বোনকে নরপিশাচরা গণধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে আমাদের খালাতো ভাইবোনদের হত্যার হুমকি দিয়ে আসছিল একদল প্রতিপক্ষ। জমি সংক্রান্ত বিরোধে তারা আমাদের আত্মীয়স্বজনকে নিঃস্ব করে ফেলেছে।” নিহতের ভাই আরও জানান, ঈদের সময় পরিবারের সদস্যরা আতঙ্ক নিয়ে এসব হুমকির কথা বলেছিলেন, কিন্তু তিনি কখনো ভাবেননি এমন মর্মান্তিক কিছু ঘটবে। পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় প্রভাবশালী একটি চক্র জড়িত, যারা বিগত কয়েক বছর ধরে তাদের জমি জবরদখল করে রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের দাবি, দ্রুত বিচার এবং দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচির পথে হাঁটবেন। নিহত কিশোরীর নাম-পরিচয় ও বিস্তারিত তদন্তের স্বার্থে এ রিপোর্টে প্রকাশ করা হয়নি। এদিকে মানবিক আবেদন জানিয়ে মেহেদি হাসান সবার প্রতি অনুরোধ জানিয়েছেন, “প্লিজ, পোস্টটি শেয়ার করুন। আমার বোনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সাহায্য করুন।” স্থানীয় প্রশাসনের কাছে সবার প্রত্যাশা, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নিহত কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।