পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যুবলীগ নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল। তিনি মৌমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর নেতৃত্বে করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামে এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০০–১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলারই আসামি হিসেবে কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। এদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গেও যুক্ত থাকতে পারেন না, কিংবা দেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বা সহায়তা করতে পারেন না। অথচ কামাল হোসেন সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায়ই দণ্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন