নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে ডিএনসি সূত্রে জানা গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মরিয়ম বেগম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল সকালে হেনারগাতী বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় আঠারোবাড়ী থেকে কেন্দুয়ামুখী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে মরিয়ম বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে নারী কর্মীদের সহায়তায় তাকে তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক মরিয়ম ও তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই চালানের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক নারীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।