নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রায় ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ঘটনার পর পুলিশ তুহিন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। তিনি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামবাটি গ্রামের বাসিন্দা। শুক্রবার (২১ আগস্ট) তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, একটি হত্যা মামলা আপস করার জন্য বাদী পক্ষকে চাপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটে। তবে এ অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পুলিশও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।