এসএসসি ও এইচএসসিতে কম্পার্টমেন্টাল পরীক্ষা চালুর পরিকল্পনা 

 

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষা চালুর পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী (এসএসসি পরীক্ষায় অকৃতকার্য) সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ড. মাহাদী আমিন বলেন, একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার অর্থ জীবনের সমাপ্তি নয়। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্র এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। তাদের জন্য কারিগরি ও বিভিন্ন ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তিনি সেটিকে শিক্ষকেরও ব্যর্থতা হিসেবে দেখেন। শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের জবাবদিহি ও শিক্ষার্থীদের মূল্যায়নব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. ইরাম মরিয়ম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং তরুণ লেখক ও মোটিভেশনাল স্পিকার সাদাত হোসাইন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top