কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ এবং ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’—এই দুটি ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তাঁরা দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন খাত, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসংশ্লিষ্ট মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
তাঁরা আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশে দমদমিয়া জাহাজঘাটের গুরুত্ব রয়েছে। তাই স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা যাত্রীদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে নৌরুটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, তাঁদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।



