পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান শাওন উপজেলার ঝাপর্সি এলাকার খলিলুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মোশারেফসহ পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।
এ সময় শিয়ালকাঠী চৌরাস্তার মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কাউখালী থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহবুব বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে জেলা পুলিশ কাজ করছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



