ভারতীয় জলসীমায় আটক হওয়ার প্রায় ছয় মাস পর দেশে ফিরেছেন ৯১ জন বাংলাদেশি জেলে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এরপর দুপুরে মোংলা কোস্টগার্ড বেইজে ব্রিফিং করে বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি পৃথক অভিযানে ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে গত ৭ জুন বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।
পরবর্তীতে সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলেদের পরিবার-পরিজন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের কারণে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও গতিশীল ও সহজতর হয়েছে। ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হবে।