ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পুখুরিয়া অটোস্ট্যান্ডে দুই অটোচালকের মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে যদুরদিয়া গ্রামের বাবলুর ছেলে ইমরান (২৪) ও চানখার ছেলে আজাদ খান (২৮)-এর মধ্যে রিজার্ভ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে ব্রাহ্মণকান্দা গ্রামের চুন্নু মোল্লার বাড়ির সামনে ইমরান, সদ্দাম, জাহিদ ও অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র, লোহার রড, হাতুড়ি ও লাঠি নিয়ে আজাদ খানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আজাদকে হাসপাতালে নেওয়ার পথে যদুরদিয়া এলাকার গুরুর দোকানের সামনে অটোগাড়ি থামিয়ে বাধা দেওয়া হয়। খবর পেয়ে আজাদের মামাতো ভাই রিয়াদ ও রোমান ঘটনাস্থলে গেলে তাদেরও মারধরের শিকার হতে হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় স্থানীয় ইউপি সদস্য নান্নু মেম্বার ও তার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নান্নু মেম্বারের হাতে থাকা একটি চাইনিজ কুড়ালের আঘাতে রোমান (১৬)-এর ডান হাতের আঙুলে গুরুতর জখম হয়। এছাড়া মুন্নু মাতুব্বরের ছেলে জাবের (১৮) রিয়াদ খানের বাম হাতের আঙুলে কামড় দিয়ে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
বর্তমানে আহত আজাদ খান ও রিয়াদ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, অভিযুক্তদের একটি অংশ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে জড়িত।
তবে অভিযোগ অস্বীকার করে নান্নু মেম্বার বলেন, “মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই অটোচালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ এলাকায় কাউকে মাদক বিক্রি কিংবা সেবন করতে দেওয়া হবে না।”