দিনাজপুরের ফুলবাড়ীতে এক বিধবা নারীকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মা ও দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মোছাঃ মাবিয়া বেগম (৪৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন উত্তর রামভদ্রপুর গ্রামের মৃত শাহাদতের ছেলে মোঃ মাজারুল ইসলাম (৪৮) ও তার দুই ছেলে। সম্পর্কে ১ নং বিবাদী ভুক্তভোগীর দেবর এবং অপর দুজন ভাতিজা।অভিযোগে বলা হয়, স্বামী মারা যাওয়ার পর থেকে ভুক্তভোগীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল দেবর। গত ০৬/১০/২০২৬ তারিখ রাতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও হুমকি দেয়।
এর জেরে গত ০৮/১০/২০২৬ সকাল ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির মাঝখানের টিনের পার্টিশন খুলে দিয়ে ঝগড়ার সৃষ্টি করে। বাধা দিতে গেলে ভুক্তভোগীর বড় ছেলে মানিক ইসলাম (২৮) কে লাঠি দিয়ে পিটিয়ে ডান পা ছিলে ফেলে এবং ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ছোট ছেলেকেও বেধড়ক মারধর করা হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।




