রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
নির্মাণকাজের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শহিদ আবু সাঈদ মুক্তিকামী মানুষের প্রতীক। রংপুরের গর্বের তিন ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া, ভাওয়াইয়া গানের কিংবদন্তি আব্বাসউদ্দীন আহমদ এবং জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ। আবু সাঈদ যেভাবে বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছেন, তাতে রংপুরের মানুষের সাহসিকতা সারা বাংলাদেশ তথা বিশ্বে পরিচিতি পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নেওয়া বিশেষ উন্নয়ন প্রকল্প দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্বের বিভিন্ন গণঅভ্যুত্থানের মধ্যে জুলাই আন্দোলন অন্যতম। শহিদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সের মতো আধুনিক ও যুগোপযোগী বিষয় চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রমও শুরু হবে বলে জানান তিনি। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইউজিসির এই সদস্য।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, শহিদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর স্মৃতিবিজড়িত এই গেট কেবল একটি প্রবেশদ্বার নয়, এটি স্বাধীনতা, মূল্যবোধ ও চেতনার অবিচ্ছেদ্য স্মারক।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতা ও সরকারের দিকনির্দেশনায় যুগোপযোগী নতুন বিষয় ও বিভাগ চালুর লক্ষ্যে ইতোমধ্যে ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের সহযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ও রিফাত হোসেন রাফিও বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
| Rakibul Hasan Munna Studies BSS (Hon’s) in Department of Mass Communication and Journalism at Begum Rokeya University, Rangpur M: +8801324485742 |




