সিলেটে রাসেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে শাহ রাসেল মাহির (২৩) হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। ‎ ‎শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা স্থানীয় সিলাম চকেরবাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। ‎ ‎শাহ তৌয়ব সওলানী (র:) ওয়াকফ স্টেটের মোতওয়াল্লী শাহ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শাহ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলাম জামে মসজিদের মোতওয়াল্লী সজ্জাদ মিয়া কাপ্তান, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সিলাম শেখপাড়ার মুরব্বি শাহ সিরাজ উদ্দিন, সমাজকর্মী শাহজাহান আহমদ, মানবাধিকার কর্মী মো: আবর মিয়া, মাটি ও মানুষ সামাজিক সংগঠন সিলেটের সভাপতি শাহিনুর রহমান শাহিন, স্থানীয় মো: বিলাল আহমদ, মো: রাসেল আহমদ, ইয়াছির আনছার, উদীয়মান সমাজকল্যাণ সংস্থার সভাপতি খোরশেদ আলম মুন্না, স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি জোবায়ের আহমদ জাহিদ প্রমুখ। ‎ ‎উল্লেখ্য, গত ২ অক্টোবর দুপুরে ওষুধ কিনতে সিলাম চকবাজারে গেলে রাসেল আহমদ শাহকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে বাজারের পরিত্যক্ত মাছ হাটায় নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎ ‎এ ঘটনায় রাসেলের মা রাজনা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ১০-১৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি ইয়াসিন আহমদ ফাহিম ও আব্দুস সামাদকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top