দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবারও পরীক্ষার কেন্দ্রে ফিরছেন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ৮ জুলাই থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো নতুন সূচিতে শুরু হচ্ছে।
প্রথম দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী, আজকের পরীক্ষার পর ২২ আগস্ট হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তী ধাপে ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর একসঙ্গে রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে ৫ সেপ্টেম্বর।
সংশোধিত সূচির শেষ দিকে ৭ সেপ্টেম্বর অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা রয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দিনের প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে গিয়ে নির্ধারিত আসনে বসতে হবে।
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে ওই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।