নাটোরের সিংড়ায় ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী অব্যাহত হত্যা, ধর্ষণ এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দেশে শিশু ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শিশু রামিসা হত্যাকারীসহ সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করা হয়।
বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও পারিবারিক শিক্ষার বিকাশ জরুরি। তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানার সভাপতিত্বে এবং সিংড়া স্মার্ট প্রেসক্লাবের প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মুন্নাফ, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পৌর মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম মৌ, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিক, প্রভাষক খায়রুল ইসলাম এবং অধ্যক্ষ আরিফ রায়হানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে বক্তারা নিহত রামিসাসহ সকল নির্যাতনের শিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।