পিরোজপুরের মঠবাড়িয়ার মো. হাবিবুর রহমান নামের এক সহকারী শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক মো. হাবিবুর রহমান উপজেলার ৬৫ নম্বর সূর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত ২১ মে বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ২১ মে ২০২৬ থেকে ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে শিক্ষার্থীদের খাবারে নির্ধারিত ডিম সরবরাহের বিষয়ে স্থানীয় সরবরাহকারীর সঙ্গে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা করছিলেন শিক্ষক হাবিবুর রহমান। সম্প্রতি সরবরাহকারীর সঙ্গে তার কথোপকথন ও যোগসাজশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১১ মে সোমবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ সম্পন্ন করে। গত ২১ মে বৃহস্পতিবার কমিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ওই শিক্ষকের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
এ আদেশের অনুলিপি ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি), বরিশাল বিভাগীয় উপপরিচালক এবং মঠবাড়ীয়া উপজেলা হিসাবরক্ষণ ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।