সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় কেন্দুয়া উপজেলার বলাইশিমুল উপ-স্বাস্থ্যকেন্দ্র (হাসপাতাল) প্রাঙ্গণ ও এর ভেতরের বিভিন্ন কক্ষ। সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটিতে নিয়মতান্ত্রিক তদারকি ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং কর্তব্যরত চিকিৎসা কর্মীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিপাত হলেই বৃষ্টির পানি উপছে ঘরের ভেতরে প্রবেশ করে। বারান্দা, চিকিৎসকের কক্ষ পর্যন্ত পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে হাঁটু সমান বা নোংরা পানি টপকে চরম ঝুঁকি ও দুর্গন্ধের মধ্য দিয়ে রোগীদের চিকিৎসা সেবা নিতে আসতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী নারী ও শিশুদের জন্য অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আকার ধারণ করে।
স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “সরকারি হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে, কিন্তু এখানকার পরিবেশ দেখে মনে হয় চিকিৎসা নিতে এসে মানুষ আরও নতুন করে রোগে আক্রান্ত হবে। সামান্য বৃষ্টি হলেই নোংরা পানি মাড়িয়ে ভেতরে ঢুকতে হয়। বহুবার বলা হলেও ড্রেনেজ ব্যবস্থার কোনো স্থায়ী সমাধান করা হয়নি।”
জরুরি ভিত্তিতে ভবনের মেঝের উচ্চতা বৃদ্ধি, সীমানা প্রাচীর ও বর্জ্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিক সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগী ও সচেতন মহল।