বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস থেকে ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।
আটককৃতদের দেয়া তথ্য মতে শুক্রবার (১৬ মে) রাতে অভিযান চালিয়ে ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করতে লামা ও পার্শবর্তী চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন-চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার আব্দুল ওহাব এর ছেলে মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসের আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটককৃতদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬) এর কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। আবার তার দেয়া তথ্য মতে শুক্রবার (১৬ মে ) রাতে লামা পৌরসভার ৬ নং ওয়ার্ড (সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড়) হতে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ ১৭/০৫/২০২৫ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮ঃ০০ ঘটিকার সময় ওয়াসের আলীর ছেলে মো. করিম এর বাড়ী থেকে মাটি খুঁড়ে ১ লক্ষ টাকা উদ্বার করেন। মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকার দলের অন্যতম সদস্য। তাকেসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ৯ মে (শুক্রবার) ভোঁর রাতে ১৫/১৬ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা টাকা লুট করে নিয়ে যায়।