মুন্সীগঞ্জের গজারিয়ায় নয়াকান্দি হান্দার বাড়ি এলাকায়, কাজলা নদীর পাশে ধানক্ষেতের পানির উপর ১২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সোনা মিয়ার ছেলে রবিউল আউয়ালের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বিল্লাল নামে এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গিয়ে পানির মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে হান্দার বাড়িতে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সুরতহাল করেন।রবিউল আউয়ালের বয়স ৫৪ বছর এবং তিনি বাক প্রতিবন্ধী অবিবাহিত, কথা বলতে পারতেন না। পারিবারিক সূত্রে জানা যায় জীবদ্দশায় রবিউল আওয়াল কচুর লতি, শাপলা শাক সবজিসহ বিভিন্ন সবজি বিক্রি করতেন।গজারিয়া থানার উপ পরিদর্শক কাদির জানিয়েছেন, মরদেহের সাথে ২৫ হাজার ৮১০ টাকা লুঙ্গির মধ্যে সুতা দিয়ে বাঁধা ছিল। তবে, মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থা বা কোনো স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু ঘটতে পারে। তবে পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।