যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যারও চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন ইদ্রিস আলী। এসময় নসিমদ্দি (৬০), শাহ আলম (৩৮), শফি (৪০)সহ আরও ১৪-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত একযোগে তার ওপর হামলা চালায়। ধারালো রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এতে ইদ্রিস আলীর পিঠ ও দুই হাতের আঙুল গুরুতর জখম হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিএনপির দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”