ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের খালবলা গ্রামে আবারও বহুদিন পর ঘটেছে সিঁধ কেটে চুরির ঘটনা। রবিবার (গতকাল) গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল স্থানীয় বাসিন্দা তাঁরা মিয়ার ঘরে প্রবেশ করে মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, সবাই গভীর ঘুমে থাকাকালীন রাতের অন্ধকারে চোরেরা ঘরের পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। ভোরে ঘুম ভাঙার পর দেখা যায়, আলমারির ড্রয়ার ভাঙা এবং মোবাইলসহ নগদ টাকার কোনো হদিস নেই।
স্থানীয়রা জানান, নব্বইয়ের দশকে গ্রামে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটলেও এর পর দীর্ঘ সময় এ ধরনের ঘটনা ঘটেনি। তাই হঠাৎ এমন ঘটনার পুনরাবৃত্তি গ্রামবাসীকে আতঙ্কিত করে তুলেছে। এক বাসিন্দা বলেন, “আমরা ভেবেছিলাম সিঁধ কেটে চুরির যুগ শেষ হয়ে গেছে। কিন্তু আবারও একইভাবে চোরেরা বাড়িতে ঢুকে গেছে, এতে আমরা খুবই উদ্বিগ্ন।”
ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় খবর দেন। কর্তব্যরত কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে। আমরা চোরদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছি। এ ধরনের অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”
এদিকে, এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গ্রামবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অনেকেই রাতের বেলা পাহারার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।