টাঙ্গাইলের ঘাটাইলে দিগড় ইউনিয়নের আলু পাকুটিয়া এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিপণনের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি ট্রাক বাজেয়াপ্ত এবং দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ মে) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ। অভিযানে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে মো. লাল মাহমুদ (৫৬) নামক ব্যক্তিকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাটি পরিবহনকারী ট্রাক চালক মো. জয়নাল (২৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও মাটি পরিবহনে ব্যবহৃত ফরিদপুর মেট্রো-ড-১১-০১৬০ ও ঢাকা মেট্রো-ড-১১-৬৯৬৬ নাম্বারের দুটি ট্রাক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। অভিযানে দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে, যা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হবে।
উল্লেখ্য, কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।