জামালপুরের ইসলামপুর বিএনপি উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেন দলীয় নেতারা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আজমো দৌল্লা পাহলোয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু’র জ্যৈষ্ঠ্য কন্যা, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি, ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মে জড়িত রয়েছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তবে এসব অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে কোনো প্রকার তথ্য উপস্থাপন করা হয়নি। লিখিত বক্তব্যে নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, সিনিঃ যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।