জিয়াউর রহমানের সাহসিকতা ও নেতৃত্বের কারণেই তিনি আজও জনপ্রিয়: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত সাহসী ছিলেন। তার সাহসিকতা ও নেতৃত্বের কারণেই তিনি আজও মানুষের কাছে জনপ্রিয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ তুলে ধরে মন্ত্রী আরও বলেন, তার সাহসিকতার অনেক উদাহরণ রয়েছে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রামে সেনাবাহিনী নিয়ে অবস্থান নেওয়া তার সাহসিকতার প্রমাণ। এ কারণেই তিনি মানুষের কাছে একটি আদর্শ ও অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ এ দিনটিকে সিপাহি হত্যা দিবস বলে থাকেন। কিন্তু সেদিন সিপাহিরা বিদ্রোহ করে জনগণকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), জেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমান বাচ্চু। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top