1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :

ঝিনাইদহে একই দিনে ছয়টি অপমৃত্যু

মাকসুদুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে মোট ছয়জনের মর্মান্তিক অপমৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যার মধ্যে জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া অন্য চারজন বিদ্যুৎস্পৃষ্টে, চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে এবং বিষপানে মারা যান।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে নিজ বাড়ির উঠানে বোরো ধান পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করেন মুজিবুর রহমান খাঁ (৬০)। হঠাৎ ফ্যানটি বন্ধ হয়ে গেলে তিনি তা মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই এই দম্পতির করুণ মৃত্যু হয়।
এর কিছু সময় পর, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। মহেশপুরের মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে মাহাবুল হোসেন (৩৫) মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ আদালতের দিকে যাচ্ছিলেন। বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়েন। পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত অবস্থায় তিনি হঠাৎ স্ট্রোক করায় নিয়ন্ত্রণ হারান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে বিষপানের অপর একটি ঘটনা ঘটে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে গান্না এলাকায় এক ব্যক্তি বিষপান করেন। স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিকেলের দিকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। সদর উপজেলার মায়াধরপুর গ্রামে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিনমজুর আসাদুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময়ে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আন্না খাতুন (৪৫) নামের এক গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই বজ্রপাতের ঘটনাগুলোতে সদরের নারিকেলবাড়িয়াসহ শৈলকুপার বিভিন্ন স্থানে নারীসহ আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পৃথক এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্রতিটি দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com