গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত “ভূমিসেবা মেলা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, “ঘুষ দেওয়া ও নেওয়া-দুইটিই অন্যায়। ভূমি সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক ও কার্যকর হলে মানুষের ভোগান্তি কমবে, পাশাপাশি দুর্নীতির সুযোগও হ্রাস পাবে।”
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বাচ্চু বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো ঘুষ ও অনিয়মের প্রবণতা রয়েছে। তিনি সাব-রেজিস্টার অফিসে ঘুষ লেনদেনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “চাকরি করি আবার ঘুষও খাই-এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন এবং জনগণের ভোগান্তি কমাতে সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম। বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে জনগণকে অনলাইনভিত্তিক সেবা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, তথ্য বিতরণ এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সেবাগ্রহীতারা অংশ নেন।
উপজেলা ভূমি অফিস, শ্রীপুর, গাজীপুরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হয়।