ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনারে আকস্মিক গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
সিএনএন বলছে, শনিবার রাতে এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে।
ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে চলছিল ডিনার। ওই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ করে নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করে একজন সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ফুটেজে দেখা গেছে, তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।
তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।’
পুলিশ জানিয়েছে, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এর পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর দুটি হত্যাচেষ্টার ঘটনার পর এই নতুন হামলা নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। যদিও কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে, তবুও ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।