রাজধানীর নিউমার্কেটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরবর্তী সময়ে নিউমার্কেট যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এবার ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল আজ (বুধবার) এই ব্যবস্থা নিয়েছে।
আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
বহিষ্কৃত নেতারা হলেন– ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলহাস মৃধাকে প্রাথমিক সদস্যপদ এবং অন্য চারজনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
নিউমার্কেট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহসিন উদ্দিন বলেন, ‘ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঘটনার উৎপত্তি। বিএনপির অঙ্গসংগঠনের এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।’