জামালপুর জেলার ইসলামপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ভালো শিক্ষক তৈরি করেন ভালো মানুষ, আর ভালো মানুষ গড়ে তোলেন আলোকিত সমাজ।’ শনিবার জানাগেছে, ইসলামপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে নির্বাচিত শিক্ষক মোঃ সজিবুল হাসানকে এক সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেবের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপা রানী ঘোষ ও হারুন অর রশীদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. জুবায়ের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন আদর্শ শিক্ষক তাঁর জ্ঞান, দক্ষতা, নিষ্ঠার মাধ্যমে প্রজন্মকে আলোকিত করতে পারেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, সমগ্র শিক্ষক সমাজের গর্ব ও অনুপ্রেরণা। অনুষ্ঠানে বিশেষ অতিথিথির বক্তব্য রাখেন চতলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম শান্ত, কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ সোলাইমান কবির প্রমুখ। সভা শেষে নির্বাচিত শিক্ষকের হাতে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম.শফিকুল ইসলাম ফারুক
জামালপুর, তাং-০৭/১১/২০২৬ খ্রিঃ।



