চাঁদপুরের ফরিদগঞ্জে ঘরের বাইরে থেকে ইউসুফ আলী মাস্টার (৬০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুর প্রায় ৩০ ঘণ্টা পর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইউসুফ আলী বেশ কিছুদিন ধরে একাই বসবাস করছিলেন। দুই বছর আগে তাঁর স্ত্রী মারা যান এবং তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট ছেলেও থাকত বোনের বাড়িতে, মাদ্রাসায় পড়াশোনার সুবাদে।
পরিবারের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি দোকানে ছোট ভাইদের সঙ্গে চা পান করে নিজ বাড়িতে ফেরেন তিনি। এরপর থেকেই তিনি সবার আড়ালে চলে যান। ধারণা করা হচ্ছে, গোসল সেরে ঘরে ফেরার পথে আকস্মিক স্ট্রোক করেন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর দীর্ঘ সময় তাঁর মরদেহ ঘরের বাইরে পড়ে থাকে।
শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ওই বাড়ির দুটি শিশু ঘরের বাইরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনার সত্যতা পান। খবর পেয়ে নিহতের মেজো মেয়ে রেহানা খাতুন দ্রুত বাড়িতে ছুটে আসেন। তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আগের দিন বৃহস্পতিবার কোনো খাবার পাঠানো সম্ভব হয়নি এবং ফোনেও তাঁকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা না হওয়ায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।