রমজানের শুরুতেই উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বাজারে বাড়ছে চাল, ভোজ্যতেল, ডালসহ নিত্যপণ্যের দাম। কোনভাবেই যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত বাজার তদারকি করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ মতবিনিময় সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মামুন অর রশিদ।
ক্যাব ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন জাসদ ভোলা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, প্রবীন সাংবাদিক এম আবু তাহের, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল আহসান, ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বিএমএসএফ ভোলা জেলা শাখার সভাপতি শিমুল চৌধুরী, কবি মহিউদ্দিন, ধান-চাল বিক্রয় সমিতির সভাপতি মো: ফয়সাল, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ: মতিন, মুরগী ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেআলম, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সিরাজ, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোতাহার হোসেন, দুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কয়সর আহমেদ, নারী নেত্রী বিলকিস জাহন মুনমুন, মুক্তি, সাংবাদিক বশির আহমেদ, সিদ্দিক উল্ল্যাহ, হাসনাইন আহমেদ মুন্না, আরিফুজ্জামান লিটন, আশিকুর রহমান শান্ত প্রমূখ।
সভায় ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সিরাজ বলেন, যেন হুট করেই বেড়ে গেছে ফলের দাম। খেজুরের কেজি এখন বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। মালটার দাম ৩৫০ টাকা।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, বাজার পরিস্থিতি যৌক্তিক মূল্যে রাখার জন্য এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের কাজ করছে। সরকারও এ ব্যাপারে সতর্ক আছে। তবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং এ বিষয়ে জনমত গড়ে তুলতে হবে।