রংপুরের মিঠাপুকুরে ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে ঐতিহ্যবাহী ‘রতিয়া বিল’। গতকাল বিকেলে এ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের ইআইআর প্রকল্পের আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে এই ঐতিহ্যবাহী ‘রতিয়া বিল’ পুনঃখনন প্রকল্প উদ্বোধন করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ জাকির হোসেন সরকার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীর ভাগ্য উন্নয়নে ১৭ একর ১৯ শতক আয়তন বিশিষ্ট ঐতিহ্যবাহী এই ‘রতিয়া বিল’
গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। এই বিল পুনঃখনন প্রকল্পে ১ লাখ ঘনফুট মাটি কাটা হবে, যার মাধ্যমে সৃষ্টি হবে ১ লক্ষ ঘনমিটার পানি ধারণ ক্ষমতা এবং বিলের পাড়ে ২০ ফুট পরপর দুরত্বে ৫ হাজার চারা গাছ রোপন করা হবে।পুনঃখনন কাজে দূর্নীতির বিষয়ে সকলকে সতর্ক করে কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়ার জন্য তিনি অংশীজনদের উৎসাহ প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি ছিলেন রংপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান।