সুন্দরবনের গহিন অরণ্যে সক্রিয় বিভিন্ন বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাঁদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধসহ ১৯ ধরনের বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনার মধ্য দিয়ে সুন্দরবনসংলগ্ন লোকালয়ে দস্যুদের সহযোগী ও রসদ সরবরাহকারী সিন্ডিকেটের বিষয়টি নতুন করে আলোচনায় এল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবনে দীর্ঘদিন ধরে সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু, ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনী সক্রিয় রয়েছে। লোকালয়ের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে এই দস্যু দলগুলোর নিয়মিত যোগাযোগ ও যোগসাজশ রয়েছে বলে গোয়েন্দা তথ্য ছিল। এই চক্রটি বনদস্যুদের আস্তানাগুলোতে গোপনে খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে দুই সহযোগীকে হাতেনাতে আটক করে।
জব্দ করা মালামাল: অভিযানের সময় কোস্ট গার্ডের সদস্যরা দস্যুদের জন্য বহন করা বিভিন্ন সামগ্রী জব্দ করেন। এর মধ্যে রয়েছে—দুই বস্তায় ৫০ কেজি চাল, ৪৮টি বনদস্যুদের স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিভিন্ন ধরনের বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ মোট ১৯ আইটেমের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি তাদের রসদ সরবরাহের উৎস ও স্পনসরদের মূলোৎপাটন করা অত্যন্ত জরুরি। কারণ, লোকালয় থেকে নিয়মিত খাদ্য ও রসদ সরবরাহ অব্যাহত থাকলে বনের ভেতরে দস্যুদের টিকে থাকা এবং অপরাধমূলক কার্যক্রম চালানো সহজ হয়ে যায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



