চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের স্ত্রী ছেমন খাতুন (৬০) এবং তাঁদের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েলের সমন্বয়ে গঠিত একটি পুলিশ দল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মা ও ছেলেকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত এই মা-ছেলে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা টেকনাফ থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে সেগুলো ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজকেই তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।