নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারী’ বা রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আবাদপুর বিল ও ফতেজঙ্গপুর এলাকার বিভিন্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থানে মাছ ধরার কাজে ব্যবহৃত মোট ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের জালে মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের জলজ প্রাণী ও ছোট মাছ আটকা পড়ে। এতে জলাশয়ের জীববৈচিত্র্য ও মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয় জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহার না করতে স্থানীয় জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।