আবারও একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে। মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মধ্যে ‘কৃষক কার্ড’ অন্যতম। এছাড়া যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, আমরা প্রথম এক সপ্তাহেই তা মওকুফ করেছি। বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এ সুবিধা পেয়েছেন।
তিনি বলেন, আজ হয়তো মাত্র ২২ হাজার কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ, আগামী ৫ বছরে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বেলা ১২টার পর ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
জানা যায়, প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।
একই দিন সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী টাঙ্গাইলে সমাবেশস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, দুটি হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।