দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—সে যে দলেরই হোক, যত ক্ষমতাধরই হোক না কেন। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
সোমবার (১৩ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুরে ‘জাগো তারুণ্য, রুখো মাদক’ স্লোগানে আয়োজিত মাদকবিরোধী প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সর্বস্তরে গণসচেতনতা সৃষ্টি জরুরি। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি পরিবারে একজন মাদকসেবী থাকলেই সেই পরিবারকে ভয়াবহ যন্ত্রণা ও ধ্বংসের মুখে পড়তে হয়। তাই অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নবান হতে হবে এবং তাদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও আচরণ সম্পর্কে খোঁজ রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাংবাদিক শামীম আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, সহ-সম্পাদক শোয়েব মুনশী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন নাদিম এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকারসহ আরও অনেকে।