ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা এক দিনে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
বুধবার (২৭ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ। মঙ্গলবার (২৬ মে) সেতুটিতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩০ হাজার ৯৪টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং ওই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের মাধ্যমে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য পৃথক টোল হার নির্ধারণ করে পদ্মা সেতুতে যাতায়াত সচল রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনকারী এই সেতুতে গত তিন দিন ধরে ঘরমুখী মানুষের তীব্র চাপ দেখা যাচ্ছে। তবে দুই প্রান্তের মাওয়া ও জাজিরা টোল প্লাজায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে যানবাহন পারাপার সম্ভব হচ্ছে।